
পটুয়াখালী, ২০ নভেম্বর, ২০২৫: পটুয়াখালীর খেজুর রস উৎপাদন দিনে দিনে কমে যাওয়ায় জেলার মানুষ ঐতিহ্য হারানোর শঙ্কায় রয়েছেন। জেলার বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের তথ্য বলছে, গত এক দশকে দক্ষিণাঞ্চলের খেজুর গাছের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
ফলে শীতকালীন ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় উৎপাদন ব্যাহত হয়ে বাজারে সরবরাহে সংকট দেখা দিয়েছে। চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় খেজুর রস ও গুড় উৎপাদকরা পর্যাপ্ত আর্থিক লাভ করতে পারছেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে খেজুর গাছ রয়েছে ১ লাখ ২৮ হাজার ৩৫টি। গত মৌসুমে আহরিত গুড়ের পরিমাণ ছিল মাত্র ৪.১ মেট্রিক টন।
জেলা কৃষি অফিস জানায়, উল্লেখযোগ্য অংশের রস সরাসরি বাজারে বিক্রি হওয়ায় গুড় উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে। কৃষি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, খেজুর গাছ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।


