নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সঙ্গে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না।’
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। অসংখ্য গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতনের বহু ভয়াবহ ঘটনা ঘটেছে। অনেক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হতো।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


