শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণ ও বিলখেলাপিদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্যতার আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে নির্বাচনী দায়িত্ব পালনের আইনি কাঠামোর আওতায় আনার প্রস্তাবও করেছে কমিশন।

মঙ্গলবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসির সিনিয়র সচিব বলেন, দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আইনে নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি একইভাবে অন্তর্ভুক্ত নেই। তাই সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে সংশ্লিষ্ট আইনের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিশন মত দিয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, কমিশন মনে করে, এমপিওভুক্ত শিক্ষকরা যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না পারেন—এমন বিধান থাকা প্রয়োজন।

ঋণখেলাপিদের বিষয়ে প্রস্তাবিত সংশোধনীতে নতুন একটি বিষয় যুক্ত করার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যক্তিগতভাবে ঋণগ্রহীতা বা বন্ধকদাতার ক্ষেত্রে যে বিধান রয়েছে, তার পাশাপাশি ঋণের জামিনদারদেরও ঋণখেলাপি হিসেবে বিবেচনা করে নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ বিল, ভূমি কর, ওয়াসাসহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিলখেলাপিদেরও প্রার্থী হওয়ার অযোগ্যতার আওতায় আনার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে কমিশন। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বিলখেলাপি হলে যেমন এই বিধান প্রযোজ্য হবে, তেমনি কোনো প্রতিষ্ঠানের কর্ণধার বা দায়িত্বশীল ব্যক্তি হলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিলখেলাপি হলে সেক্ষেত্রেও প্রার্থিতা অযোগ্য ঘোষণার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইসি। একই সঙ্গে দ্বৈত নাগরিকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না রাখার বিষয়ে কমিশন মত দিয়েছে।

ইসির সিনিয়র সচিব বলেন, দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সংবিধানেও নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইনেও প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের এসব প্রস্তাব শিগগিরই স্থানীয় সরকার বিভাগের কাছে পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, প্রস্তাবিত এসব সংশোধনী কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ এবং প্রার্থীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আরও সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ