
রাজশাহী, ৮ ডিসেম্বর, ২০২৫ – বৃষ্টিপাত কম হওয়ায় বরেন্দ্রসহ রাজশাহী অঞ্চলে ক্রমবর্ধমান পানি সংকট মোকাবিলায় ভূ-পৃষ্ঠস্থ পানি সংরক্ষণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বলেন, অঞ্চলটিতে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে, যা মূলত কৃষি সেচের জন্য নির্বিচারে পানি উত্তোলনের কারণে ঘটছে। গত ২০ বছরে ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫টি উপজেলার ৪ হাজার ৯১১টি গ্রামকে পানি-সংকটাপন্ন এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। জাতীয় পানি সম্পদ কাউন্সিলের (এনডব্লিউআরসি) ১৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই অঞ্চলকে আগামী ১০ বছরের জন্য পানি-সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। এই সময়কালে পানীয় জল ছাড়া অন্য কোনো কাজে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা যাবে না।
প্রফেসর সারওয়ার জাহান বলেন, গেজেট অনুযায়ী নিষিদ্ধ অঞ্চলে সেচ ও শিল্পকারখানার জন্য আর কোনো ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না। তিনি ভূ-পৃষ্ঠস্থ পানি সংরক্ষণে সক্রিয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।


