অনলাইন ডেস্ক
ঢাকা, ৩০ ডিসেম্বর: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তার মা নিজের জীবন দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন।

মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ এবং ‘বাংলাদেশের মা’ হিসেবে অভিহিত করে উল্লেখ করেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারিয়েছে, যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন।
তারেক রহমান বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার মায়ের নেতৃত্ব ছিল আপোষহীন। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি পরিবারের মমতাময়ী অভিভাবক এবং কঠিন সময়ের শক্তির উৎস ছিলেন। বারবার গ্রেপ্তার হওয়া, সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং দীর্ঘ কারাবাস সহ্য করার পরও তার সাহস ও দেশপ্রেম অটুট ছিল।
তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তার মা স্বামী ও সন্তান হারিয়েছেন। তার কাছে দেশ ও দেশের মানুষই ছিলেন প্রকৃত পরিবার। দেশের মানুষের জন্য যে অবিস্মরণীয় সংগ্রাম ও জনসেবা বেগম খালেদা জিয়া করেছেন, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকের এই মুহূর্তে পরিবারের ধৈর্য ও সাহস সঞ্চারের জন্য তারক রহমান তার মায়ের আদর্শকে আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন।
তারেক রহমান জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতি দেশের সাধারণ মানুষের গভীর আবেগ, অকৃত্রিম ভালোবাসা এবং বিশ্বজুড়ে যে শ্রদ্ধা প্রদর্শিত হচ্ছে, তার জন্য তার এবং তার পরিবারের চিরকৃতজ্ঞতা রয়েছে। তিনি দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন।


