অনলাইন প্রতিবেদক

ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামোর উন্নয়ন ঘটবে।
সোমবার বিকেলে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিএনপি প্রার্থী নবীউল্লাহ নবীর সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, পথসভায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখে তিনি মনে করছেন নবীউল্লাহ নবীকে দলীয় প্রতীক ধানের শীষ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়েছে। তিনি যাত্রাবাড়ী-ডেমরা এলাকার মানুষের জুলাই-আগস্ট আন্দোলনে ভূমিকার প্রশংসা করে এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের পথে এগিয়ে এসেছে। তবে শুধু ভোটাধিকার প্রয়োগ করলেই হবে না, দেশ গড়ার জন্য পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা প্রয়োজন। তার দাবি, এসব ক্ষেত্রে বিএনপিই সবচেয়ে এগিয়ে।
ইপিজেড প্রসঙ্গে তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকল এলাকার জমিতে নতুন ইপিজেড স্থাপনের পরিকল্পনা রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষেও নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা হবে, যাতে বেকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা যায়। তিনি উল্লেখ করেন, দেশে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে হয়েছিল।
নবীউল্লাহ নবীর দাবির প্রেক্ষিতে ঢাকা-৫ এলাকায় একটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি।
আইনশৃঙ্খলা, কৃষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে বিএনপির অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশীয় গ্যাসক্ষেত্র অনুসন্ধান জোরদার করে শিল্প ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সভা শেষে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রার্থী নবীউল্লাহ নবীর হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন এবং তাকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।


