বিশেষ প্রতিনিধি

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে অমর একুশে বইমেলা-২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “জনগণের প্রতি জবাবদিহিমূলক এই সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে।”
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে প্রধানমন্ত্রী ফিতা কেটে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বইমেলা শুধু বেচাকেনা নয়, মেধা-মননের প্রতীক
প্রধানমন্ত্রী বলেন, “অমর একুশে বইমেলা কেবল বই কেনাবেচার মেলা নয়, এটি আমাদের মেধা ও মননের প্রতীক। বায়ান্নর ভাষাশহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আজকের এই আয়োজন।”
চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্ধারিত সময়ের কিছুটা পরে মেলা শুরু হলেও এর আবেদন বিন্দুমাত্র ম্লান হয়নি উল্লেখ করে তিনি বলেন, এটি মাতৃভাষার অধিকার আদায়ের এক অবিনাশী স্মারক।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি আন্তর্জাতিক জরিপের তথ্য উল্লেখ করেন—১০২টি দেশের পাঠাভ্যাস জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম; বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন নাগরিকেরা। তিনি বলেন, “এই চিত্র আমাদের পাল্টাতে হবে। মেলা যেন শুধু উৎসব না হয়ে আমাদের বইপ্রেমী করে তোলে।”
একুশে পদক ২০২৬ প্রদান



একই দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেন। সচিবালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে যান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষা, গবেষণা এবং শিল্প-সাহিত্যচর্চাকে রাজনীতিকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়। জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় দেশ এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার কাজ করবে।”
পদকপ্রাপ্তরা:
-
চলচ্চিত্র: ফরিদা আক্তার ববিতা
-
চারুকলা: অধ্যাপক মো. আবদুস সাত্তার
-
স্থাপত্য: মেরিনা তাবাশ্যুম
-
সংগীত (মরণোত্তর): আইয়ুব বাচ্চু
-
নাট্যকলা: ইসলাম উদ্দিন পালাকার
-
সাংবাদিকতা: শফিক রেহমান
-
শিক্ষা: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার
-
ভাস্কর্য: তেজস হালদার যশ
-
নৃত্যকলা: অর্থী আহমেদ
এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ দল হিসেবে সম্মাননা পায়। আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা পদক গ্রহণ করেন এবং ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান
বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আট বিশিষ্টজনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তরা:
-
কথাসাহিত্য: নাসিমা আনিস
-
প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক
-
শিশুসাহিত্য: হাসান হাফিজ
-
অনুবাদ: আলী আহমদ
-
গবেষণা (যৌথ): মুস্তাফা মজিদ ও ইসরাইল খান
-
বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী
-
মুক্তিযুদ্ধ: মঈদুল হাসান
তবে কবিতা বিভাগে মনোনীত কবি মোহন রায়হানের নাম পুরস্কার প্রদানের সময় ঘোষণা করা হয়নি।
“সবার আগে বাংলাদেশ” গড়ার আহ্বান
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দলমত-ধর্মবর্ণনির্বিশেষে একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ “সবার আগে বাংলাদেশ” গড়ার লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
অমর একুশে বইমেলা-২০২৬ এবারও বইপ্রেমী, লেখক, প্রকাশক ও সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিণত হয়েছে—যেখানে বই শুধু পণ্য নয়, বরং চেতনা, ইতিহাস ও ভবিষ্যতের স্বপ্নের বাহক।


