
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে তিনটি ল্যান্ডিং ক্রাফট রপ্তানি করেছে। গতকাল প্রতিষ্ঠানটির কারখানায় এই জাহাজগুলো মায়া, এমি এবং মুনা ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডকে হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহমৌদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান, ২০২৩ সালে প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে মোট ৮টি জাহাজ নির্মাণের চুক্তি করেছে। এর মধ্যে রয়েছে ২টি টাগবোট, ৪টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি ট্যাংকার। এর আগে চুক্তির আওতায় ১টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি টাগবোটসহ মোট ৩টি জাহাজ রপ্তানি করা হয়েছিল।
তিনি আরও জানান, বাকি জাহাজগুলোও আগামী সময়ে রপ্তানি করা হবে।


