নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্থিতিশীল রাখতে এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮১ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে সুপারিশপ্রাপ্ত দরদাতা প্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড, ঢাকা থেকে এই সয়াবিন তেল সংগ্রহ করা হবে। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী মোট ব্যয় হবে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা, ফলে প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয়মূল্য দাঁড়াচ্ছে ১৮০ টাকা ৮৫ পয়সা।
সরকারি সূত্রগুলো বলছে, রমজানসহ আসন্ন সময়ে ভোজ্যতেলের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে একই বৈঠকে কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখতে সার আমদানির একটি প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং কৃষকদের পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য বলে জানা গেছে।
সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে বৈঠক সূত্রে উল্লেখ করা হয়েছে।


