বাসস

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগের অংশ হিসেবে সর্বসাধারণের জন্য এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
এনবিআর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের তথ্য নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে এনবিআরের ওয়েবসাইটের (www.nbr.gov.bd) publication পোর্টালের customs লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের আমদানি তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী আমদানিকৃত পণ্যের পরিমাণ, ওজন ও মূল্যসংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিতভাবে আমদানি তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্ট সবাই নির্ভরযোগ্য ও মানসম্মত ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক মূল্য ও দামের ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং আমদানির প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ সহজ হবে।
এছাড়া বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝার পাশাপাশি বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তার বাস্তব চিত্র মূল্যায়ন করাও সহজ হবে বলে জানানো হয়। এ উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের অংশ হিসেবে বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


