শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

নীরব বিপ্লবের অর্থনীতি : মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল সেবায় বদলে যাচ্ছে বাংলাদেশ

পাঠক প্রিয়

বিশেষ প্রতিবেদক

স্বাধীনতার পর গত পাঁচ দশকে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ও বারবার ক্ষমতার পালাবদলে বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তবু এসব সীমাবদ্ধতার মধ্যেই আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে এক নীরব কিন্তু যুগান্তকারী সাফল্য। বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ডিজিটাল ব্যাংকিং দেশের আর্থিক ব্যবস্থায় নতুন গতি এনেছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গ্রামীণ অর্থনীতিতে।

গ্রাম থেকে শহর: মোবাইল ব্যাংকিংয়ের বিস্তার

এক সময় যেখানে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ছিল দূরবর্তী ও ব্যয়বহুল, সেখানে এখন মোবাইল ফোনই হয়ে উঠেছে ব্যাংক শাখা। নগদ টাকা উত্তোলন, সঞ্চয়, বাণিজ্যিক লেনদেন কিংবা সামাজিক নিরাপত্তা ভাতার অর্থ গ্রহণ—সবই সম্ভব হচ্ছে হাতের মুঠোয়।

বিশেষজ্ঞদের মতে, দুই দশক আগেও প্রবাসী আয় তুলতে যেখানে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগত, এখন তা সম্ভব হচ্ছে মিনিটের মধ্যেই। এই অর্থ ব্যবহৃত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও গৃহস্থালির প্রয়োজন মেটাতে। ফলে গ্রামীণ অর্থনীতিতে আর্থিক অন্তর্ভুক্তি এক ধরনের নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে।

ফিনডেক্স ও কেন্দ্রীয় ব্যাংকের চিত্র

বিশ্বব্যাংকের সর্বশেষ বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি সূচক (ফিনডেক্স) অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৪৩ শতাংশের কোনো না কোনো আর্থিক অ্যাকাউন্ট রয়েছে। যদিও এ হার তিন বছর আগের তুলনায় কিছুটা কম, তবে শুধু মোবাইল মানি অ্যাকাউন্টধারীর হার ১০ শতাংশ—যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে দেশে এমএফএস অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি ৯৩ লাখে। একই সঙ্গে এমএফএস লেনদেন বেড়েছে ৩২ শতাংশের বেশি, যা ডিজিটাল আর্থিক সেবার প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

বিশেষজ্ঞদের মূল্যায়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপম্যান্ট (র‌্যাপিড)-এর নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ বলেন,

“গ্রামীণ কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে আর্থিক অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী-পুরুষ উভয়েই এখন ঘরে বসে ব্যাংকিং সেবা পাচ্ছে—খরচ কমছে, সময় বাঁচছে।”

তার মতে, মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং নাগরিক লেনদেনে ক্রমেই অপরিহার্য হয়ে উঠছে।

ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রযাত্রা

ইন্টারনেট ব্যাংকিংয়েও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে প্রায় ৮০ লাখ গ্রাহক নিয়মিত এ সেবা ব্যবহার করছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৬ লাখের বেশি।

২০১৯ সালে যেখানে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারের হার ছিল ২৫ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৪৪ শতাংশ। ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা ও ইস্টার্ণ ব্যাংকের স্কাই ব্যাংকিং—এসব অ্যাপ ডিজিটাল ব্যাংকিংকে আরও সহজ করেছে।

ই-ওয়ালেট ও নতুন সম্ভাবনা

শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই ই-ওয়ালেট সেবার ব্যবহার বাড়ছে। এবিজি টেকনোলজিসের ‘পকেট’ কিংবা সোনালী ব্যাংকের ‘সোনালী ই-ওয়ালেট’ ব্যাংকিং ও ওয়ালেট—দুই সুবিধাই দিচ্ছে এক প্ল্যাটফর্মে। বিল পরিশোধ, বেতন বিতরণ, মোবাইল রিচার্জ থেকে শুরু করে বিভিন্ন ইউটিলিটি পেমেন্ট—সবই সম্ভব হচ্ছে ডিজিটালভাবে।

চ্যালেঞ্জ কোথায়?

সব অগ্রগতির পরও দক্ষিণ এশিয়ায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারে বাংলাদেশ এখনো পিছিয়ে। ভারতের ৪৮ শতাংশ ও শ্রীলঙ্কার ৪৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নিয়মিত ডিজিটাল পেমেন্ট করলেও বাংলাদেশে এ হার তুলনামূলকভাবে কম। প্রান্তিক এলাকায় ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন ব্যবহার ও ডিজিটাল দক্ষতার ঘাটতি এখনো বড় বাধা।

নীতিনির্ধারণই ভবিষ্যতের চাবিকাঠি

১৯৭১ সালের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দ্বারপ্রান্তে। এই যাত্রায় আর্থিক অন্তর্ভুক্তি শুধু দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং জাতীয় স্থিতিশীলতা ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতার ভিত্তি।

ড. এম আবু ইউসুফের ভাষায়, সঠিক নীতিমালা ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনাকে যুক্ত করা গেলে, উন্নয়নের সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আর সেই পথেই বাংলাদেশের নীরব আর্থিক বিপ্লব এগিয়ে চলেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ