
ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার জারি করা এক বিশেষ আদেশে রিটার্ন জমার শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে রিটার্ন জমার সময়সীমা ছিল ৩০ নভেম্বর।
এনবিআর জানায়, করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন বা কারিগরি সমস্যার কারণে কোনো করদাতা যদি অনলাইনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হন, তবে তিনি প্রয়োজনীয় যৌক্তিকতা ব্যাখ্যা করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে লিখিত আবেদন করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, আবেদন যাচাই-বাছাই করে উপকর কমিশনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। করদাতাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনলাইন সিস্টেমকে আরও সহজ ও কার্যকর করতে কাজ করছে সংস্থাটি।
করদাতাদের নির্ধারিত সময়ে রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।


