স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাস হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব বাজেটটি উপস্থাপন করেন।
উপস্থাপিত বাজেট অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা খাতে। এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২০১ কোটি ৪৩ লাখ টাকা, যা মোট বাজেটের ৫৭ দশমিক ৭৭ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা তথা প্রশাসনিক আনুষঙ্গিক ব্যয় খাতে। এ খাতে বরাদ্দের পরিমাণ ৭৮ কোটি ৩ লাখ টাকা, যা মোট বাজেটের ২২ দশমিক ৩৮ শতাংশ।
এদিকে, পেনশন ও অবসর-সুবিধা খাতে বরাদ্দ কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩৭ কোটি ১৪ লাখ টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৬৫ শতাংশ। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা।
তবে এবারের বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব থেকে কোনো বরাদ্দ রাখা হয়নি। এ খাতে বরাদ্দ শূন্য দেখানো হলেও গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা (৩ দশমিক ২৬ শতাংশ), অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা (২ দশমিক ৭২ শতাংশ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা (০ দশমিক ৮১ শতাংশ), যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা (০ দশমিক ৭০ শতাংশ) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭০ লাখ টাকা (০ দশমিক ২০ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ১৮ কোটি ৭০ লাখ টাকার ঘাটতি যুক্ত হওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে মোট বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায়। চলতি অর্থবছরের হিসাব যুক্ত হলে এ ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


