অনলাইন ডেস্ক

ঢাকা: দাম কমানোর ১২ ঘণ্টা পার না হতেই আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। ফলে দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম আগামীকাল শনিবার থেকে কার্যকর হবে।
এদিকে, আজ দুপুর ১২টা পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও দাম বাড়ানোর ঘটনায় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করতে হয়েছে।
১২ ঘণ্টার ব্যবধানে ফের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন,
“গতকাল বৈঠকের সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নিম্নমুখী ছিল। সেই প্রেক্ষাপটে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়। তবে এরপরই বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি বৈঠকের মাধ্যমে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।”
তিনি আরও বলেন, বাজুস শুধু স্বর্ণ বিক্রি নয়, কেনাবেচা—উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষের স্বার্থ রক্ষায় এই সমন্বয় করা হয়েছে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে দায়ী করেন তিনি। তার ভাষায়,
“যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধাবস্থা পরিস্থিতি যত উত্তপ্ত হচ্ছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম তত বাড়ছে।”
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় বেলা ১টায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৫০ ডলার ছাড়িয়েছে।
দেশের বাজারে নতুন স্বর্ণের দাম
নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
-
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
-
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
-
১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা
রুপার দামও বেড়েছে
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দামে—
-
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৮৮২ টাকা
-
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা
-
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা
-
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা
টানা দাম বাড়ার কারণে স্বর্ণের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


