অনলাইন ডেস্ক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার বেগম আয়েশা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বিএনপিতে বরণ করে নেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, সদস্য কাইফাত মোড়ল, শরিফুল ইসলাম, ওয়াসিম আকরাম, জাতীয় শ্রমিক শক্তির সংগঠক নাইম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, মুক্তা ও হাবিব। এছাড়া দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের মোট ৫৫ জন নেতাকর্মী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আবদুল আজিজ বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে বর্তমানে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ ও দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। সে লক্ষ্যে আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


