রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬

মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জন নিহত

পাঠক প্রিয়

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকায় তিন ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয়। রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।

নিহতরা হলেন—কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ইজিবাইকচালক সাগর বেপারী। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ‘সার্বিক পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকচালকসহ চারজনের মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রুবেল ফকির জানান, ঢাকা–বরিশাল মহাসড়কের ওই অংশটি অত্যন্ত সরু এবং প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। দ্রুতগতির যান চলাচলের কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শামীম মোল্লা বলেন, মহাসড়কের এই অংশ এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দুর্ঘটনা রোধে দ্রুত সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান তিনি।

২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত সাতজনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ