নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিএনপি সারা দেশে বিশেষ কর্মসূচি পালন করছে। আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে এবারের উদ্যাপন কার্যক্রমের সূচনা হবে। এই রোড শো ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে, ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত মহাসমাবেশের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিজয় দিবস শুধু ইতিহাসের একটি দিন নয়, এটি আমাদের গণতান্ত্রিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে উদযাপনের দিন। তাই বিএনপি এর মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করে জাতীয় উদ্যাপনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে।”
মির্জা ফখরুল বলেন, রোড শো ও মহাসমাবেশের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে মহান বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ বার্তা প্রদান করা হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ এই কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নেবে।
বিএনপির এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর দেশের মানুষকে বিজয় দিবসের তাৎপর্য মনে করিয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা লক্ষ্য রাখা হয়েছে।


