নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার দায়ে আরও ৯ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
উপাচার্য জানান, র্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত এসেছে।
তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। র্যাগিং কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের নাম শিগগিরই পৃথকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। সতর্ক করা শিক্ষার্থীদের ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এর পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।


