বরগুনা প্রতিনিধি
![]()
বরগুনার পাথরঘাটা উপজেলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জামায়াতের পাথরঘাটা পৌর শাখার আমীর বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বরগুনা-২ আসনের পাথরঘাটা উপজেলায় বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে এবং একাধিক মামলা দায়ের হয়েছে।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, “কাউকে দলীয় পরিচয়ে গ্রেফতার করা হচ্ছে না। বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের আইন অনুযায়ী গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারদের মধ্যে কেউ বিএনপির হতে পারে, আবার কেউ জামায়াতেরও হতে পারে।”
এদিকে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের ধরতে নিয়মিত এই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


