অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এদিন বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়। মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল।
মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধানে রাখে। এভারকেয়ার হাসপাতালে থাকা অবস্থায় তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এবং এরপর তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।


