অনলাইন ডেস্ক

বিগত ১৫ বছরে যারা লুটপাটে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি মনে করিয়ে দেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জবাবদিহিতে আনতে গিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব সৃষ্টি করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
“যারা লুটপাট করেছে তাদের শাস্তি দিন—এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনো আমরা প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করছি? এতে অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। আমাদের ভাবতে হবে কোথায় সমস্যা, কীভাবে সারানো যায়, এবং কীভাবে অর্থনীতিকে সচল রাখা যায়।”
তিনি আরও বলেন, বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবসময় অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছে এবং করতে চায়। ওপেন ইকোনমি বা উন্মুক্ত অর্থনীতির যুগের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এ কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই অর্থনীতিকে স্থিতিশীল করার উদ্যোগ নিয়েছে। বিএনপি অর্থনীতি ধ্বংস করেছে—এ কথা কখনোই কেউ বলতে পারেনি।”
বিএনপি মহাসচিব মনে করেন, বর্তমান সময়ে অর্থনীতির গতি পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ অত্যাবশ্যক।
সম্মেলনে দেশি-বিদেশি অর্থনীতিবিদ, উদ্যোক্তা, নীতিনির্ধারক এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন। তারা অর্থনীতির সংকট, পুনরুদ্ধারের পথ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।


