বিডিরিপোর্টস২৪ডেস্ক

ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনোভাবেই ভোটকেন্দ্র ত্যাগ করবেন না।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, “পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত কেউ ভোটকেন্দ্র ছাড়বেন না।”
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রে যাতে কোনো ধরনের কারচুপি বা অনিয়ম না ঘটে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয়, সেজন্যই নেতাকর্মীদের শেষ পর্যন্ত উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, সারা দেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারের প্রশ্নে বহুল আলোচিত ঐতিহাসিক গণভোট। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।
জানা গেছে, ডা. শফিকুর রহমানের এই নির্দেশনা মূলত জনগণের রায়ের সুরক্ষা ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেওয়া হয়েছে।


