অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলটির ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় দলটির পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ইশতেহারে বলা হয়েছে, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকদের মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়েও কাজ করার কথা উল্লেখ করা হয়েছে।
জামায়াত জানিয়েছে, ক্ষমতায় গেলে প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক জোরদার করা হবে। এসব দেশের মধ্যে ভারত ছাড়াও ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও ইশতেহারে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার পরিকল্পনার কথা জানানো হয়েছে।
ইশতেহারে আরও বলা হয়েছে, পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছে।


