নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত জামায়াত ও ছাত্রশিবিরের হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ইসলাম বিশ্বের সবচেয়ে সিভিলাইজড ধর্ম। অথচ ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াত ও ছাত্রশিবির অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বিএনপির নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। নিয়মিতভাবে তাদের হুমকি দেওয়া হচ্ছে, যা নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে বাধাগ্রস্ত করছে।
জামায়াতের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রিজভী বলেন, জামায়াতে ইসলামীতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তাদের দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না। এ অবস্থায় জামায়াত ক্ষমতায় এলে দেশের নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, একটি গুপ্ত দল গুপ্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তবে দেশের মানুষ এসব অপচেষ্টা গ্রহণ করবে না। গণতন্ত্র ও নারীর অধিকার রক্ষায় জনগণ সচেতন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।


