নিজস্ব প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে তাড়াহুড়ো করে কিছু আইন পাস করানোর প্রচেষ্টার মাধ্যমে সরকারের ভিন্ন উদ্দেশ্য কাজ করছে।
তিনি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন, তাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি আইন পাস করাতে চাচ্ছে—একটি হলো সংশোধিত পুলিশ কমিশন আইন, আর অন্যটি হলো এনজিও সংক্রান্ত আইন।
মির্জা ফখরুল মন্তব্য করেন, নির্বাচনের আগে এই আইনগুলো পাস করার পেছনে সরকারের উদ্দেশ্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।
তিনি আরও বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়াই তড়িঘড়ি করে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাস করা সমীচীন হবে না।
আমরা মনে করি, উপরোক্ত বিষয়ে আইনগুলো পরবর্তী জাতীয় সংসদে যুক্তিতর্কের মধ্য দিয়ে প্রণয়ন করা সঠিক হবে। সরকারকে আহ্বান জানাচ্ছি, এই ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য।’


