অনলাইন ডেস্ক

রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী বিপ্লব গণমাধ্যমকে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল মান্নান। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আব্দুল মান্নানের হাজাতি নম্বর ২০২৭৫/২৬। তার বাবার নাম জয়নাল আবেদীন। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড এলাকায়। নবাবগঞ্জ থানার একটি মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


