অনলাইন ডেস্ক

ঢাকা: রাজধানীকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে আগামী পাঁচ বছরে তিন লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আবাসিক এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানটি আয়োজন করে সৃজনী বাংলাদেশ।
প্রশাসক বলেন, “জীবন বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি জনআন্দোলনে রূপান্তর করতে হবে।”
তিনি জানান, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদে এই কর্মসূচির আওতায় মোট তিন লাখ গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রতি বছর গড়ে ৬০ হাজার করে গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই লক্ষ্য অর্জনে ডিএসসিসি নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বন অধিদপ্তর-এর সঙ্গে চুক্তির আওতায় ‘জিরো সয়েল’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে সড়কের মিডিয়ান ও আইল্যান্ডগুলো ঘাস ও বৃক্ষ দিয়ে সবুজায়ন করা সম্ভব হবে বলে জানান তিনি।
নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মো. আব্দুস সালাম বলেন, “নাগরিকরা সচেতন হলে সিটি কর্পোরেশনের ৫০ শতাংশ কাজ সহজ হয়ে যায়। বাকি ৫০ শতাংশ কাজ আমরা সম্পন্ন করব। সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ রূপকল্প বাস্তবায়ন সম্ভব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়।


