শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

টেকনাফ সীমান্তে গোলাগুলি, অস্ত্রসহ ৫৩ জন আটক

পাঠক প্রিয়

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফ (কক্সবাজার): মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসংলগ্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে দেশটির সেনাবাহিনীর বিমান হামলা জোরদারের পাশাপাশি একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকায়। মর্টার শেল, বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী জনপদ। ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছে এক শিশু।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রী হুজাইফা আফনান (৯) শনিবার সকাল ১০টার দিকে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশিদ জানান, গুলিটি শিশুটির মুখ দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে গেছে। তার অবস্থা সংকটাপন্ন এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

আফনান তেচ্ছিব্রিজ হাজি মো. হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং জসিম উদ্দিনের মেয়ে। শিশুটির চাচা ও শিক্ষক আলী আকবর সাজ্জাদ জানান, সকালে অন্য শিশুদের সঙ্গে উঠানে খেলার সময় সে গুলিবিদ্ধ হয়।

শিশুটির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা টেকনাফ–কক্সবাজার সড়ক অবরোধ করে। পরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সীমান্তের একাধিক সূত্র জানায়, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও থেমে থেমে সংঘর্ষ চলছে। একই সময়ে মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা নিক্ষেপ করছে।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত রাখাইনের সীমান্তঘেঁষা এলাকায় শত শত রাউন্ড গুলি ও একাধিক বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় সীমান্ত গ্রাম লম্বাবিলসহ আশপাশের এলাকায় গুলি এসে পড়ে, কেঁপে ওঠে ঘরবাড়ি। স্থানীয়দের চিংড়ি ঘের ও কৃষিজমিতেও গুলি পড়ার খবর পাওয়া গেছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, গত তিন দিন ধরে দিনে-রাতে গোলাগুলি ও বিস্ফোরণে সীমান্ত এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সশস্ত্র গোষ্ঠীর ৫৩ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ। পরে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। এরই মধ্যে মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশু আহত হয়।

উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সীমান্তের ওপারের পরিস্থিতি নিবিড়ভাবে নজরদারিতে রাখা হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদ ও সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবিসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ