নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মেহেরপাড়া এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান জাতির ঐতিহাসিক প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরেছেন। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে শহীদ জিয়াউর রহমান সাহসের সঙ্গে দাঁড়িয়েছিলেন। তিনি মেজর হিসেবে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন।”
ড. মঈন খান আরও বলেন, স্বাধীনতার সংকটময় মুহূর্তে যখন অনেকে নেতৃত্ব দেওয়ার সাহস পাননি, তখন জিয়াউর রহমান দৃঢ়চিত্তে নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষায়, “স্বাধীনতা ঘোষণার সময় আওয়ামী লীগের অনেক নেতা বলার সাহস পাননি, কিন্তু জিয়াউর রহমান বুক ফুলিয়ে নেতৃত্ব দিয়েছেন।” তিনি অভিযোগ করেন, পরবর্তীতে “কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে” জিয়াউর রহমানকে প্রাণ দিতে হয়েছিল।
বিএনপি নেতা বলেন, সেই কঠিন সময় থেকে আজ পর্যন্ত দলের নেতৃত্বে দায়িত্ব পালন করে আসছেন বেগম খালেদা জিয়া, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন। তার আশু আরোগ্য কামনায়ই এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
মাধবদী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ড. মঈন খান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির সামাজিক দায়বদ্ধতার অংশ, এবং অসুস্থ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।


