অনলাইন ডেস্ক

ঢাকা, ১ ডিসেম্বর – ভূমিকম্প আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা এই সময়ের মধ্যে স্থগিত থাকবে। তবে অনলাইনের মাধ্যমে ক্লাস কার্যক্রম চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগের চেয়ারম্যান ও ডিন সূত্র জানিয়েছেন, আজ উপাচার্যের সভাকক্ষে বিভাগের চেয়ারম্যান ও ডিনদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। একাংশ সদস্য পরীক্ষা চালু রাখার পক্ষে থাকলেও বেশিরভাগ সদস্য ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের সংস্কার কার্যক্রমের কারণে ক্লাস বন্ধ রাখা এবং পরে পরীক্ষা গ্রহণের পক্ষে মত প্রদান করেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ৪ ডিসেম্বরের পরে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অনুমোদিত হবে বলে উপাচার্য জানান।


