
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। যদিও বিএনপি এখনও এ আসনের প্রার্থী ঘোষণা করেনি, তবে দলের মনোনয়নের জন্য দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
গতকাল শনিবার তিনি নগরীর আগ্রাবাদ এলাকার বারিক বিল্ডিং মোড়ে সমাবেশের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। সমাবেশে ইসরাফিল খসরু বলেন, “বিগত ১৭ বছর বিএনপির কেউ মাঠ ছেড়ে যায়নি। বিএনপি জনগণের অধিকারের জন্য সবসময়ই আন্দোলন করে এসেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
বেশ কয়েকটি সভা, সমাবেশ ও উঠোন বৈঠকের মাধ্যমে ইসরাফিল খসরু তার নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখছেন।


