অনলাইন ডেস্ক

এসএ টোয়েন্টি লিগের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল ব্যাটিংয়ের মহাযজ্ঞ। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার ম্যাচে দুই দল মিলিয়ে উঠেছে মোট ৪৪৯ রান। ম্যাচজুড়ে ছিল চার-ছক্কার বৃষ্টি—৪০টি চার ও ২৫টি ছক্কা হাঁকান দুই দলের ব্যাটাররা।
প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৩২ রান। জবাবে দুর্দান্ত লড়াই গড়ে তুললেও এমআই কেপটাউন থামে ৭ উইকেটে ২১৭ রানে। ফলে রোমাঞ্চকর এই ম্যাচে ডারবান জয় পায় ১৫ রানের ব্যবধানে।
কেপটাউনের হয়ে একাই ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন ওপেনার রায়ান রিকেলটন। ৬৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৫টি চার ও ১১টি বিশাল ছক্কা। তবে তাঁর ইনিংসের একটি ছক্কাই বদলে দেয় এক দর্শকের ভাগ্য।
ম্যাচের ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের মারা একটি শক্তিশালী শট গ্যালারিতে উড়ে গেলে এক দর্শক এক হাতে অসাধারণ ক্যাচ লুফে নেন। এসএ টোয়েন্টি টুর্নামেন্টের বিশেষ নিয়ম অনুযায়ী, গ্যালারিতে এক হাতে পরিষ্কার ক্যাচ ধরতে পারলে পুরস্কার হিসেবে দেওয়া হয় ২০ লাখ র্যান্ড।
ফলে সেই দর্শক মুহূর্তেই হয়ে যান ২০ লাখ র্যান্ডের মালিক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে উল্লাস ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


