অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২–১ গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ঝড়ে জোড়া গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।
ম্যাচের প্রথমার্ধে স্বাগতিকরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। বরং পাল্টা আক্রমণে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। বিরতির পর আরো আগ্রাসী হয়ে ওঠে বার্সেলোনা। তারই ফল মেলে ৫০তম মিনিটে। মার্কাস রাশফোর্ডের নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান কুন্দে।
সমতায় ফিরেই আরও ধারালো হয়ে ওঠে বার্সা। তিন মিনিট পর লামিনে ইয়ামালের ক্রসে আবারও দুর্দান্ত এক হেডে বল জালে পাঠান কুন্দে। তার এই জোড়া আঘাতে লিড নেয় কাতালানরা, যা শেষ পর্যন্ত ধরে রেখে মাঠ ছাড়ে জয় নিয়ে।
ম্যাচ শেষে নিজের দ্বিতীয় গোলটি নিয়ে কুন্দে বলেন, “বক্সে ঢুকে দেখতে চেয়েছিলাম কী ঘটে। সত্যি বলতে আমিও একটু চমকে গেছি। তবে মাঝে মাঝে কিছুটা ভাগ্যেরও দরকার হয়।”
এই জয়ে গ্রুপ পর্বে বার্সেলোনা নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে। আর দলের রক্ষণের স্তম্ভ কুন্দে প্রমাণ করলেন—প্রয়োজনে তিনি গোলদাতাও হয়ে উঠতে পারেন।


