কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভাষাসৈনিক ও প্রবীণ শ্রমিক নেতা শামছুল ইসলাম হায়দার ওরফে আজিজ মিয়া (৯৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, ছয় মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ষাইটকাহন গ্রামে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শ্রমিক নেতা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
শামছুল ইসলাম হায়দার ছিলেন একজন ভাষাসৈনিক ও শ্রমিক আন্দোলনের সংগঠক। ভাষা আন্দোলনে তার ভূমিকা স্থানীয়ভাবে বিশেষভাবে স্মরণীয়। পাশাপাশি তিনি কালিয়াচাপড়া চিনিকলের শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি ও কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে কিশোরগঞ্জসহ শ্রমিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।


