অনলাইন ডেস্ক

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) একাধিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে দ্রুত ত্রুটিগুলো সংশোধন করা গেলে এই কমিশনের অধীনেই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই সেগুলো তৈরি করা হয়েছে। তিনি অনতিবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান।
ভোটারদের এনআইডি, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের উদ্যোগেরও তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি এ ধরনের তথ্য সংগ্রহের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পাশাপাশি প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে বলেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, কারা এবং কেন এই স্থানান্তর করেছে—সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা কমিশনের কাছে চেয়েছে বিএনপি।
কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানান তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা মনে করি এই কমিশন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে তার জন্য কমিশনকে নিজেদের ত্রুটি চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।”


