অনলাইন ডেস্ক

দীর্ঘদিন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে মাঠ দাপিয়েছেন সাবিনা খাতুন। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দলের বাইরে চলে যেতে হয় তাকে। জাতীয় ফুটবলে ডাক না পেলেও থেমে থাকেননি সাবিনা। নিজেকে প্রস্তুত রেখেছেন ফুটসালের মাধ্যমে। তার সঙ্গে ফুটসালের ক্যাম্প ও অনুশীলনে যুক্ত হন মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকারের মতো জাতীয় দলের পরিচিত মুখগুলো।
এই প্রস্তুতিরই ফল মিলেছে এবার। আগামী ১৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাবিনা খাতুনকে এবং সহ-অধিনায়ক করা হয়েছে মাতসুশিমা সুমাইয়াকে।
চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন ২০২২ সালের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়া। পাশাপাশি দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও দলে ফিরিয়েছে বাফুফে। তবে প্রাথমিক স্কোয়াডে থাকা উন্নতি খাতুন, নাসরিন আক্তার ও সেজুতি ইসলাম স্মৃতি শেষ পর্যন্ত জায়গা পাননি চূড়ান্ত দলে।
উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ ২০১৮ সালে এশিয়ান কাপ ফুটসাল বাছাই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। সেই আসরেও অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। দীর্ঘ সাত বছর পর আবার আন্তর্জাতিক নারী ফুটসালে ফিরছে বাংলাদেশ—এবং আবারও নেতৃত্বে সাবিনা।
বাংলাদেশ নারী ফুটসাল দলের চূড়ান্ত স্কোয়াড:
সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া (সহ-অধিনায়ক), মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের এই প্রত্যাবর্তনকে ঘিরে নারী ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অধিনায়ক সাবিনার অভিজ্ঞতা ও দলীয় সমন্বয় ভালো হলে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ফলের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


