অনলাইন ডেস্ক

মাদ্রিদ: টানা দুই ম্যাচ হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরেছে আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে দিয়েগো সিমিওনের দল। আতলেতিকোর জয়ে বড় ভূমিকা রাখেন আঁতোয়া গ্রিজমান।
ম্যাচের শুরুতেই আতলেতিকোকে হুগো দুরোর শট ক্রসবারে লেগে ফিরে আসার কারণে শঙ্কায় পড়তে হয়। ধীরে ধীরে ছন্দে ফেরে স্বাগতিকরা। ১৭ মিনিটে কর্নার থেকে আসা বল গোলকিপার ঠিকমতো সামলাতে না পারায় সুযোগ পেয়ে যান কোকে এবং তার নিচু শটে আতলেতিকো এগিয়ে যায়। এরপর ৩৪ মিনিটে ভ্যালেন্সিয়া গোল করলেও, পেপেলুর এই গোলটি ভিএআর-এর সিদ্ধান্তে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে ভ্যালেন্সিয়া। ৬৩ মিনিটে লুকাস বেলত্রান দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান। আতলেতিকোর ওপর চাপ বাড়লেও অভিজ্ঞ গ্রিজমান ৭৪ মিনিটে মার্ক পুবিলের লম্বা পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে জয়ের গোলটি করেন।
শেষ পর্যন্ত আতলেতিকো মাদ্রিদ মাঠ ছাড়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে। এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।
এই জয়ের ফলে শিরোপা দৌড়ে আবারও ফিরে এসেছে আতলেতিকো মাদ্রিদ।


