স্পোর্টস ডেস্ক

আইএল টি-টোয়েন্টির শুরুতে টানা তিন ম্যাচে হারের হতাশা কাটিয়ে ছন্দে ফিরেছে শারজাহ ওয়ারিয়র্স। সোমবার (১৫ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গালফ জায়ান্টসকে ১১ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তাসকিন আহমেদের দল। এই ম্যাচেই টুর্নামেন্টে নিজের প্রথম উইকেটের স্বাদ পান বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ।
টস জিতে আগে ব্যাট করে শারজাহ ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৪ রান। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন টম অ্যাবেল। তিনি ৪১ বলে ৬৮ রানের কার্যকর ইনিংস খেলেন, যা দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জবাবে ব্যাট করতে নেমে গালফ জায়ান্টস শুরুটা ভালো করতে পারলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছোঁয়া হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা থামে ১৬৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি।
বল হাতে শারজাহর জয়ে বড় অবদান রাখেন তাসকিন আহমেদ। আগের ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে অভিষেক হলেও উইকেটশূন্য থাকা এই পেসার গালফ জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক সিকান্দার রাজা তার হাতে বল তুলে দেন। প্রথম ওভারে ৮ রান দিলেও ধীরে ধীরে ছন্দে ফেরেন তাসকিন।
নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা হজম করলেও পরের চার বলে দেন মাত্র ১ রান। ওই ওভারেই গালফ অধিনায়ক জেমস ভিন্সকে ফিরিয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম উইকেট শিকার করেন তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে দেন মাত্র ৬ রান। ম্যাচের শেষদিকে, যখন শেষ দুই ওভারে গালফ জায়ান্টসের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩২ রান, তখন ১৯তম ওভারে মাত্র ৮ রান খরচ করে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তাসকিন।
ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই নিয়ন্ত্রিত পারফরম্যান্সে শারজাহ ওয়ারিয়র্স এই জয় তুলে নেয়, যা টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।


