অনলাইন ডেস্ক

দুবাই থেকে: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক আজিজুল হাকিম টানা তৃতীয়বারের মত এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
দুবাইয়ে আয়োজিত অফিসিয়াল ফটোসেশন এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে হাকিম বলেন, “আমাদের মানসিক ও শারীরিক প্রস্তুতি ভালো। আমরা ৩০টির বেশি ম্যাচ খেলেছি, যা আমাদের দল হিসেবে গড়ে উঠতে অনেক সহায়তা করেছে।”
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে এবং পরের বছর ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপি জয়ের সুযোগ এখন বাংলাদেশের সামনে।
বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আসন্ন আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী হাকিম বলেন, “আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব কিছু ঠিকঠাক আছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের পরিকল্পনার উপর আস্থা রাখছি এবং এবারও আমাদের সেরাটা দেব।”
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই দৃঢ় আত্মবিশ্বাস ও প্রস্তুতি নতুন এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের আশা জাগাচ্ছে।


