ঝিনাইদহ প্রতিনিধি

সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পুনরায় গণঅধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন। বিষয়টি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গণমাধ্যমকে নিশ্চিত করেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
রাশেদ খান বলেন, “আমাদের ছাত্র সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল আসিফ। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কোটাবিরোধী আন্দোলনসহ সব লড়াই-সংগ্রামে সে রাজপথে ছিল। এজন্য তাকে বহু নির্যাতনের শিকার হতে হয়েছে।”
তিনি আরও জানান, আসিফের সঙ্গে ইতোমধ্যে ব্যাপক আলোচনার অগ্রগতি হয়েছে এবং দল তাকে সম্মানজনক দায়িত্ব দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছেছে। “এর আগেও সে গণঅধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে। আমরা যেকোনো মূল্যে তাকে দলে ফিরিয়ে আনতে চাই,” যোগ করেন রাশেদ খান।
এর আগে বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তার গণঅধিকার পরিষদে ফিরে আসার বিষয়ে আলোচনা প্রকাশ্যে আসে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য ছাত্র-রাজনীতির পর্যায়ে পরিচিত মুখ। তার দলবদল দলটির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


