বিশেষ প্রতিনিধি

ঢাকা: শীর্ষ নেতৃত্বের মনোনয়নের বিষয়ে অমিলের কারণে বিএনপি ও ছয়-দলীয় মোর্চা ‘গণতন্ত্র মঞ্চ’-এর শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মধ্যে আসন সমঝোতা সংক্রান্ত আলোচনা অসমাপ্ত রয়ে গেছে।
মঙ্গলবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা। দীর্ঘ আলোচনার মূল বিষয় ছিল সাইফুল হক যে আসনে নির্বাচন করতে চান, সেখানে বিএনপির পক্ষ থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করতে কিছুটা অপারগতার ইঙ্গিত পাওয়া। এতে সাইফুল হক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বৈঠক অসমাপ্ত রেখে বের হয়ে যান।
সূত্র জানায়, সাইফুল হক ঢাকা-৮ (মতিঝিল-পল্টন-শাহজাহানপুর-শাহবাগ ও রমনা) আসনে নির্বাচন করতে আগ্রহী। সেখানে না পারলে তিনি ঢাকা-১২ (তেজগাঁও শিল্পাঞ্চল-হাতিরঝিল-শেরেবাংলা নগর আংশিক) আসন চাচ্ছেন। উভয় আসনেই বিএনপি ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে—ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১২ এ সাইফুল আলম নীরব। বিশেষ করে ঢাকা-১২ এর প্রার্থীকে কেন্দ্র করে দলের ভেতরে-বাইরে বিতর্ক তৈরি হয়েছে।
সাইফুল হক বলেন, “বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে যুগপৎ আন্দোলন গড়ে তুলেছিল, সেখান থেকে যদি তারা সরে আসে, দায়দায়িত্ব বিএনপির। আমরা বিশ্বাস করি না, একলা চলো নীতি নিয়ে বিএনপি আত্মঘাতী পথে যাবে। আলোচনা এখনও অব্যাহত।”


