নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে সম্ভাব্য বাধা–বিঘ্নের ইঙ্গিত দেওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো বাধা, আপত্তি বা নিষেধাজ্ঞা নেই।
শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেন, “এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।”
এর আগে তারেক রহমান একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলেন, দেশে ফেরার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ‘একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় এবং বিষয়টি একক নিয়ন্ত্রণাধীনও নয়’। তার মন্তব্যে রাজনৈতিক পরিমণ্ডলে ফের জোরালো আলোচনা তৈরি হয়।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন যে, দেশের যে কোনো নাগরিকের দেশে ফেরার সাংবিধানিক অধিকার রয়েছে এবং অন্তর্বর্তী সরকার এ বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ নীতি অনুসরণ করছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ফেরাকে ঘিরে দীর্ঘদিনের জটিলতায় নতুন মাত্রা যোগ করেছে এই পাল্টা বক্তব্য। যদিও বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


