অনলাইন প্রতিবেদক

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার স্বার্থে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভিড় সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর মনিটরিংয়ের কারণে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত জরুরি। কিন্তু দলের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে। এতে শুধু খালেদা জিয়ার চিকিৎসা সেবায়ই নয়, অন্যান্য রোগীদের চিকিৎসা কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,
“মানুষের ভালবাসা ও উদ্বেগ আমরা গভীরভাবে উপলব্ধি করি। কিন্তু বর্তমানে দেশনেত্রীর চিকিৎসার স্বার্থে হাসপাতালে অযথা ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। দলীয় নেতা-কর্মী বা শুভাকাঙ্ক্ষীদের অপ্রয়োজনীয় উপস্থিতি চিকিৎসা কার্যক্রম ব্যাহত করতে পারে।”
বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়ত চিকিৎসকদের কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সার্বিক চিকিৎসা যাতে নির্বিঘ্নে পরিচালিত হতে পারে, সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বিএনপি বলেছে, এভারকেয়ার হাসপাতালের সামনের অতিরিক্ত ভিড় শুধু রোগীর নিরাপত্তা ঝুঁকি বাড়ায় না, চিকিৎসাকর্মীদের চলাচল ও জরুরি সেবা প্রদানের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করে। এই পরিস্থিতি বিবেচনায় দলটি পুনরায় সবার প্রতি অনুরোধ জানিয়েছে—হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ভিড় থেকে বিরত থাকার জন্য।


