নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ, ২৮ নভেম্বর: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশজুড়ে কিছু রাজনৈতিক দল স্বার্থান্বেষী হয়ে নির্বাচনের বাধা সৃষ্টি করছে, যা দেশের জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে গণসংহতি আন্দোলনের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি বিষয় এখন একসূত্রে গাঁথা। নির্বাচন না হলে সংস্কারের কাজ বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু কিছু দল মনে করছে, ক্ষমতার ভাগ পাচ্ছে বলেই নির্বাচন জরুরি নয় এবং তারা নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।”
জোনায়েদ সাকি দেশের রাজনৈতিক পরিস্থিতি সচেতন ও সমন্বিতভাবে মোকাবেলার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


