অনলাইন ডেস্ক

১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে দেশের গণমাধ্যমকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “হাসিনা পরিকল্পিতভাবে গণমাধ্যমের জায়গাটা ধ্বংস করে দিয়েছে।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। তার রোগমুক্তির জন্য দোয়া করবেন।
মির্জা ফখরুল দাবি করেন, দেশে গণতন্ত্রের চর্চা স্তব্ধ হয়ে গেছে এবং মতপ্রকাশের স্বাধীনতা চরমভাবে সংকুচিত হয়েছে। তিনি বলেন, “গোটা জাতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এখন মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্রে বহু মত থাকবে, ভিন্নতা থাকবে। দুর্ভাগ্যজনকভাবে ভিন্নমত পোষণ করলে তা মেনে নেওয়া হয় না।”
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা না হলে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয় না। সাংবাদিকদের ওপর হয়রানি, মামলা, হামলা ও চাপ সৃষ্টি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএফইউজের কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক নেতারা গণমাধ্যমের সংকট, সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত অধিকার নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার, সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে দ্বিবার্ষিক নির্বাচনের বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের নেতারা।


