নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, তিনি কোথাও নির্বাচনে প্রার্থী নন; তাই মন্ত্রী হওয়ার প্রশ্নও আসে না। তিনি বলেন, “আমার এবং আমাদের সমস্ত প্রচেষ্টার লক্ষ্য—দেশকে একটি ভালো অবস্থায় নেওয়া। জীবন উৎসর্গকারী জনতার রক্তকে সার্থক করার জন্যই আমাদের এই প্রয়াস। ৫৪ বছর পরে একটি সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার দেবে।”
বৃহস্পতিবার চরমোনাই দরবার শরীফে তিনদিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি, নৈতিক নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং জাতীয় সংকট সমাধানে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
মুফতি রেজাউল করীম বলেন, দেশের জন্য দায়িত্বশীল নেতৃত্ব, সৎ প্রশাসন এবং জনতার রক্ত-ঘাম দিয়ে গড়া ইতিহাসের মর্যাদা রক্ষা করা এখন সময়ের দাবি। তিনি আরও বলেন, “জনতার প্রত্যাশা পূরণে প্রয়োজন সত্যিকারের আল্লাহভীরু নেতৃত্ব। আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি।”
সমাবেশে বিভিন্ন জেলা থেকে আগত আলেম-উলামা ও ধর্মভীরু নাগরিকরা অংশ নেন। অনুষ্ঠানস্থলে দেশ, দীন ও জাতীয় ভবিষ্যৎ নিয়ে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।


