অনলাইন ডেস্ক

ঢাকার করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “করাইল বস্তিতে কয়েক হাজার মানুষ বাস করেন। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছেন। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।”
বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশের দুর্বল জনগোষ্ঠীর প্রতি সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া উচিত।
তিনি আরও বলেন, “করাইলসহ দেশের বিভিন্ন বস্তিতে অগ্নিকাণ্ড যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এসব ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণও এখন অত্যন্ত জরুরি।”
উল্লেখ্য, সম্প্রতি করাইল বস্তিতে ভয়াবহ আগুনে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং শতাধিক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার ও পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন।


