নিজস্ব প্রতিবেদক

প্রশাসনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে দলটি। আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাঁর বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২২ নভেম্বর (শনিবার) চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন শাহজাহান চৌধুরী। সেখানে তিনি বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”
এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় তা দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দায়িত্বশীল পদে থাকা নেতার কাছ থেকে এমন মন্তব্য সমর্থনযোগ্য নয় বলেও নোটিশে বলা হয়েছে।
শাহজাহান চৌধুরীর জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে জামায়াতে ইসলামী।


