নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে গতি পেয়েছে বিএনপি–জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণা। প্রতিদিনই প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, কর্মিসভা এবং উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পরিচালনা করছেন। ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে চলছে একযোগে প্রচারণা।
স্থানীয় নেতা–কর্মীদের নিয়ে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সমর্থন চান। তারা বর্তমান জাতীয় পরিস্থিতি, দলের ঘোষিত কর্মসূচি এবং বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। অনেক এলাকায় বাজার, মহল্লা, মোড় ও জনবহুল স্থানে দিনভর প্রচার-প্রচারণায় অংশ নেন বিএনপি–জামায়াতের প্রার্থীরা।
এ ছাড়া বেশ কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগে এবং স্থানীয় কমিটির সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এসব ক্যাম্পে সাধারণ মানুষ চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় প্রচারভ্যান, মাইকিং, পোস্টারিং ও ব্যানার ঝোলানোর কার্যক্রমও চলছে জোরেশোরে।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা–কর্মীরা জানান, ভোটারদের কাছ থেকে তারা ইতিবাচক সাড়া পাচ্ছেন। নির্বাচন ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে তাদের দাবি। তারা বলেন, দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক নির্বাচন ঘিরে মানুষের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি–জামায়াত মনোনীত প্রার্থীদের এমনই নির্বাচনমুখী চিত্র পাওয়া গেছে।


