
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ-ভারত বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে এবং এতে ভারত বাধা দিতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব হবে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিদের সাজা কার্যকর করার পাশাপাশি, এনসিপি আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে গণমিছিল ও সমাবেশের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছে।
সমাবেশ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে মানুষ ইনসাফ পাবে। এই রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয়; শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায়বিচার। আমরা সেই ন্যায়বিচারের জন্য জুলাই-আগস্টে রাজপথে নেমেছিলাম।’
সমাবেশটি আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।


